শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের
সংগৃহীত
মোঃ মাহ্ফুজুল হক, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
শুধু চাকরির পেছনে সময় ব্যয় না করে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পিঠা উৎসব, বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলাউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান যুবসমাজকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তোমরা শুধু চাকরির পেছনে সময় না দিয়ে বরং অন্যকে কীভাবে চাকরি দেবে, সেই উদ্দেশ্য সামনে রেখে কাজ করো।” এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের সার্বিক আর্থিক সহায়তার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে অতিথিরা একটি আমলকী গাছের চারা রোপণ করেন। পরে প্রশিক্ষণার্থী ও স্থানীয় যুবকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
সবশেষে ফিতা কেটে ও কেক কেটে মহিলা উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এ সময় তাঁরা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এমকে/বিএম২৪









