শাজাহানপুরে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সংগৃহীত
নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে সোনাকানিয়া যুব সমাজের আয়োজনে ‘সবার আগে বাংলাদেশ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল বাশার।
এ সময় তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে মানুষের প্রতিভার বিকাশ ঘটে। ভালো খেলোয়াড় হলে আর্থিকভাবেও স্বাবলম্বী হওয়া সম্ভব। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেশের সুনাম বৃদ্ধি করে। যারা খেলাধুলায় মনোনিবেশ করে, তারা মাদক থেকে দূরে থাকে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আলীম। সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুর রহমান। টুর্নামেন্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আজিজুল হক, সাবেক সদস্য রুবেল হোসেন, নয়মাইল যুব সংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, যুবদল নেতা নাদিম ও বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ আব্দুল মতিন এবং আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইনছান আলী।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দাঁড়িগাছা টাইগার স্পোর্টিং ক্লাব ও জালশুকা মাহাবুব ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে জয়লাভ করে জালশুকা মাহাবুব ফুটবল একাদশ।
এমকে/বিএম২৪









