নরসিংদীতে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
নরসিংদীতে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি


নরসিংদীর শিবপুরে অকটেন পরিমাপে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নরসিংদী কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বান্দারদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে পাঠান ফিলিং স্টেশনের অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। এ সময় বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো. মাসুদ রানা। উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।


বিএসটিআই, নরসিংদী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪