শাজাহানপুরে বাসের এসি নালিতে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম
শাজাহানপুরে বাসের এসি নালিতে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি


বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. বিপ্লব ইসলাম (৩৬) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিকরুল রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কক্সবাজার থেকে দিনাজপুরগামী এনা রিপার এভারগ্রিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-ব-১১-২১১৮।


ডিএনসির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বাসের টঅ-৪ নম্বর আসনে বসা বিপ্লব ইসলামের দেহ ও আসনের আশপাশে তল্লাশি চালানো হয়। পরে তাঁর দেখানো মতে, আসনের বাঁ পাশে এসির নালির কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করা হয়।


পোটলা দুটির ভেতরে নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে মোট ৫৩টি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে একটি পোটলায় ৫ হাজার এবং অন্যটিতে ৫ হাজার ৬০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ কেজি ৬০০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও সিমকার্ডও জব্দ করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বড় ইয়াবার চালান কক্সবাজার থেকে বগুড়ার মধ্য দিয়ে অন্যত্র নেওয়া হবে—এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ায় ডিএনসি। পরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়।


ডিএনসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লবের কাছ থেকে চক্রের অন্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অনুসন্ধান চলছে।


গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।