শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।


বুধবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এ সময় হুইপ অপু বলেন, রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি টেস্ট) উদ্বোধন করতে যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে নিয়ে আসা হবে। এ ছাড়া জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যারা বাধা সৃষ্টি করবেন, তাঁদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য অপু।


তিনি বলেন, অনেকেই শরীয়তপুরকে অবহেলিত জেলা মনে করেন। উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে প্রমাণ করা হবে, শরীয়তপুরও একটি উন্নত, সমৃদ্ধ ও গর্বিত জেলা।


নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।


অনুষ্ঠানের শুরুতে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।


শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ এবং জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু। এ ছাড়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪