শরীয়তপুরে মানিক বকাউলের উদ্যোগে বিদ্যালয়ে মা সমাবেশ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
শরীয়তপুরে মানিক বকাউলের উদ্যোগে বিদ্যালয়ে মা সমাবেশ

সূত্রঃ বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৫৪ নম্বর চরভাগা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মায়েদের অংশগ্রহণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন বেপারী। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সেলিম আহমেদ মোল্লা।


সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সেলিম আহমেদ মোল্লা বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে শিক্ষকের পাশাপাশি মায়ের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবং নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।


সমাবেশে বক্তব্য দেন সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমরান হোসেন বাবু বকাউল। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি তৈরি করে। এ স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশ ঘটে, যা ভবিষ্যতে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।


প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক মানিক উদ্দিন বকাউল বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে আগ্রহী। অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে সহায়তা করার আশ্বাস দেন তিনি।


এ ছাড়া চরভাগা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে টিফিনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মানিক উদ্দিন বকাউল।


শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সহসভাপতি চঞ্চল বকাউল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আলম বকাউল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন বেপারী, হাসান বকাউল, লিয়াকত হোসেনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।


শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।