সাংবাদিক মুয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন
সূত্রঃ বিডি মেইল
রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল কাশেম কাশি কর্তৃক সাংবাদিক মুয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করা এবং সংবাদকর্মীদের কণ্ঠ রোধ করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে।
বক্তারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় তদন্ত ও প্রমাণের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। সাংবাদিকতার কারণে কোনো সংবাদকর্মী যাতে হয়রানি বা চাপের মুখে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধন থেকে সাংবাদিক মুয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে মামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
দাবি পূরণ না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা।









