বিশ্বমঞ্চে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
সূত্রঃ বিডি মেইল
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এ তথ্য জানিয়েছেন।
সোমবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, দেশের ভবিষ্যৎ রূপরেখা, বাংলাদেশের স্বার্থ সুরক্ষা এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যায়—এসব বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে গেছেন। সেখানে তিনি জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচির পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের জনগণের অধিকার, জাতীয় স্বার্থ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে।
শুরু হচ্ছে আনুষ্ঠানিক কর্মসূচি
মাহ্দী আমিন জানান, মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। সকালে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ অংশ নেবেন তিনি। এরপর সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন রয়েছেন বলে জানান তাঁর কার্যালয়ের মুখপাত্র। এর বাইরে প্রয়োজনীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। ফলে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের তেমন সুযোগ থাকবে না বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।









