ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
সূত্রঃ সংগৃহীত
এম এ এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বইলর ইউনিয়নের কাজী শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী গ্রামীণ ইউনাইটেড পরিবহনের একটি বাস কাজী শিমলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং দুই যাত্রী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এ ছাড়া দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে নিহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









