শরীয়তপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০১ পূজামণ্ডপে ৬৫০ আনসার সদস্য মোতায়েন
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে শরীয়তপুরের ১০১টি পূজামণ্ডপে ৬৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্য জেলার মতো শরীয়তপুরের ছয়টি উপজেলাতেও উদযাপিত হচ্ছে এ উৎসব। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপি সদস্যরা।
মোতায়েন করা ৬৫০ সদস্যের মধ্যে রয়েছেন ২২ জন প্লাটুন কমান্ডার (পিসি), ১০১ জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি), ৩২৫ জন পুরুষ ভিডিপি সদস্য ও ২০২ জন নারী সদস্য।
শরীয়তপুর জেলা আনসার কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলার ছয়টি উপজেলার ১০১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলার ২২টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে আটজন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ৩৭টি গুরুত্বপূর্ণ এবং ৪২টি সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে সদস্য মোতায়েন রয়েছেন।
জেলা কমান্ড্যান্ট আরও জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স ও ব্যাটালিয়ন আনসারের দল প্রস্তুত রাখা হয়েছে। দুর্গাপূজায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন।









