শরীয়তপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের প্যারেড ও ব্রিফিং
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শরীয়তপুরে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নড়িয়া উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় চত্বরে এ প্যারেড ও ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে দুর্গাপূজার মণ্ডপগুলোতে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের করণীয় সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেন শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম।
ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাহিনীর নির্ধারিত পোশাক পরিধান করে শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।









