"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই ইকলাচুর রহমান

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই ইকলাচুর রহমান

সূত্রঃ সংগৃহীত

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি


অসীম সাহসিকতা, সেবামূলক কর্মকাণ্ড এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" উপাধিতে ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি)-তে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ ইকলাচুর রহমান।


রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মাননীয় রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক/উপসচিব নাসরীন সুলতানা।


প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ১লা মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুলিশ বাহিনীর মোট ৯২ জন সদস্যকে চারটি ক্যাটাগরিতে (বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা) এ পদক প্রদান করা হয়েছে।


এরই অংশ হিসেবে ২০২৫ সালে গোয়েন্দা পুলিশ বিভাগে অসামান্য অবদানের জন্য "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)"-এর জন্য মনোনীত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মোঃ ইকলাচুর রহমান (বিপি-৮৭০৬১০৬৪০৪)।


তাঁর এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার ও তাঁর সহকর্মীবৃন্দ। মোঃ ইকলাচুর রহমানের এই অর্জনে তাঁরা আনন্দ প্রকাশ করে জানান, "এই স্বীকৃতি তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলতারই প্রতিফলন। আমরা তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"


এদিকে, ইকলাচুর রহমানের পদক প্রাপ্তির খবরে তাঁর এলাকাবাসী ও ঝিনাইদহের আপামর জনসাধারণ একের পর এক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। দেশসেবায় নিয়োজিত একজন দক্ষ ও গর্বিত পুলিশ সদস্য হিসেবে গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।


এমকে/বিএম২৪