নোবিপ্রবির জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে চালু হলো ফ্রেশার্স রুম, লাইব্রেরি ও গেম রুম

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ এএম
নোবিপ্রবির জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে চালু হলো ফ্রেশার্স রুম, লাইব্রেরি ও গেম রুম

সূত্রঃ সংগৃহীত

মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে নবীন ছাত্রীদের জন্য তিনটি ফ্রেশার্স রুম, আবাসিক ছাত্রীদের জন্য হল লাইব্রেরি ও গেম রুম উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবির জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এতে সভাপতিত্ব করেন জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলের প্রভোস্ট ড. নাহিদ সুলতানা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


নবীন ছাত্রীদের পারস্পরিক পরিচয়, যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ফ্রেশার্সদের জন্য নির্ধারিত তিনটি কক্ষের নাম দেওয়া হয়েছে ‘ঐক্য’, ‘সখ্য’ ও ‘মৈত্রী’। নবীন শিক্ষার্থীদের আবাসিক জীবনে আনন্দময় ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরিতে এসব কক্ষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আবাসিক ছাত্রীদের নিয়মিত পড়াশোনা ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে চালু করা হয়েছে ‘অনির্বাণ লাইব্রেরি’। লাইব্রেরিটি দুটি অংশে বিভক্ত। এর একটি অংশে রয়েছে ছাত্রীদের জন্য রিডিং রুম এবং অন্য অংশে রয়েছে জুলাই কর্নার-সম্বলিত হল লাইব্রেরি। এর মাধ্যমে আবাসিক ছাত্রীরা নিরিবিলি ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা ও জ্ঞানচর্চার সুযোগ পাবেন।


এ ছাড়া আবাসিক ছাত্রীদের অবসর সময়কে আনন্দময় করা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ‘প্রজন্ম খেলাঘর’ নামে একটি গেম রুম। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির সুযোগ তৈরি হবে।


হল সংশ্লিষ্টরা জানান, আবাসিক ছাত্রীদের শিক্ষা, জ্ঞানচর্চা, মানসিক বিকাশ, সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। নবীন ছাত্রীদের স্বাচ্ছন্দ্য ও হলজীবনে ইতিবাচক পরিবেশ তৈরিতেও ফ্রেশার্স রুমগুলো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এমকে/বিএম২৪