মধ্যপ্রাচ্যের সংঘাতে এশিয়ায় জ্বালানি তেলের দামে বড় পার্থক্য

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম
মধ্যপ্রাচ্যের সংঘাতে এশিয়ায় জ্বালানি তেলের দামে বড় পার্থক্য

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে অস্থির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি তেলের বাজার। গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ ও পরিবহনে বাধা তৈরি হওয়ায় বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে কর-শুল্ক, আমদানি ব্যয়, মুদ্রার বিনিময় হার ও সরকারি মূল্য নির্ধারণ নীতির কারণে এশিয়ার দেশগুলোতে জ্বালানির দামে দেখা দিয়েছে বড় ধরনের পার্থক্য।


সর্বশেষ সোমবারের হিসাব অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমারে জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। দেশটির রাজধানী নেপিডোতে প্রতি লিটার অকটেনের দাম প্রায় ২৩০ টাকা এবং ডিজেল ২৪৯ টাকা।


প্রতিবেশী দেশ ভারতে প্রতি লিটার ডিজেলের দাম ১২৭ টাকা ৭৭ পয়সা, পেট্রল ১৪৫ টাকা ২৯ পয়সা এবং অকটেন ১৫৬ টাকা ৬৭ পয়সা। রাজ্যভেদে করের পার্থক্যের কারণে দেশটির বিভিন্ন শহরে জ্বালানির দামেও তারতম্য রয়েছে।


পাকিস্তানেও জ্বালানির দাম বাংলাদেশের তুলনায় বেশি। দেশটিতে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা ৭ পয়সা, পেট্রল ১৭২ টাকা ৪৬ পয়সা এবং অকটেন ১৭৭ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দ্রুত সমন্বয়ের জন্য পাকিস্তানে বর্তমানে দৈনিক ভিত্তিতে জ্বালানির মূল্য নির্ধারণের ব্যবস্থা চালু রয়েছে।


নেপালে সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সেখানে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম ২০০ নেপালি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬২ টাকার সমান।


শ্রীলঙ্কাতেও জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে বেশি। মানভেদে প্রতি লিটার অকটেনের দাম প্রায় ১৩৮ থেকে ১৬৪ টাকা এবং ডিজেল বিক্রি হচ্ছে প্রায় ১৩২ টাকা লিটারে।


অন্যদিকে, মালদ্বীপে পেট্রলের দাম তুলনামূলকভাবে কম। সেখানে প্রতি লিটার পেট্রলের দাম প্রায় ১১২ টাকা ৭০ পয়সা। তবে ডিজেলের দাম প্রায় ১৬৮ টাকা।


জাপানে সরকারি নীতির কারণে জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রয়েছে। দেশটিতে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১১৬ টাকা, পেট্রল ১২৩ টাকা এবং হাই-অক্টেন প্রায় ১৩২ টাকা। দক্ষিণ কোরিয়ায় ডিজেল ও পেট্রলের দাম প্রায় ১৬৭ টাকা লিটার।


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যেও জ্বালানির দামে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। মালয়েশিয়ায় প্রতি লিটার পেট্রলের দাম প্রায় ১৩১ টাকা এবং ডিজেল ১৫৮ টাকা। থাইল্যান্ডে গ্যাসোলিনের দাম প্রায় ১৪৪ টাকা ও ডিজেল ১৪৭ টাকা। ইন্দোনেশিয়ায় প্রতি লিটার পেট্রলের দাম প্রায় ১৩২ টাকা এবং ডিজেল প্রায় ১৭৪ টাকা।


বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একই থাকলেও ভোক্তা পর্যায়ে জ্বালানির চূড়ান্ত মূল্য এক হয় না। কর ও শুল্ক, মুদ্রার বিনিময় হার, আমদানি ও পরিবহন ব্যয় এবং সরকারের মূল্য নির্ধারণ পদ্ধতির ওপর দেশভেদে জ্বালানির দাম অনেকটাই নির্ভর করে।


মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ ও পরিবহন ব্যাহত হলে জ্বালানির বাজারে এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।


এমকে/বিএম২৪