খুলনায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ এএম
খুলনায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের

সূত্রঃ বিডি মেইল

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দলীয় কর্মকাণ্ড ও সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে সোমবার রাতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একটি আলোচনা সভা করেছেন।


সভায় বক্তারা অভিযোগ করেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অনেক ত্যাগী নেতাকর্মী দলীয় কর্মকাণ্ড ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে যথাযথভাবে সম্পৃক্ত হতে পারছেন না। স্থানীয় পর্যায়ে কিছু ‘হাইব্রিড’ নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তির প্রভাবের কারণে দীর্ঘদিনের তৃণমূল নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।


সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরদার। পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম।


সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব এফএম হাবিবুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি মোল্লা মাহাবুবুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আজিজুর রহমান আজিবার, কামাল উদ্দিন লস্কর, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, তেরখাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সভায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের নাম উল্লেখ করে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলা হয়। বিশেষ করে সাবেক চেয়ারম্যান জুলু ও প্রভাবশালী নেতা রুনুর বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগ করেন বক্তারা।


তবে সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।


সভায় তৃণমূল নেতাকর্মীদের দলীয় কর্মকাণ্ডে সমানভাবে সম্পৃক্ত করা, দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলীয় সুযোগ-সুবিধা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।