রাজশাহীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পিএম
রাজশাহীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি


রাজশাহী মহানগরীর টিকাপাড়া থেকে সাধুর মোড় যাওয়ার সড়কের পাশে পুকুর ভরাট করে নকশা অনুমোদন ছাড়াই ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবনমালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন মো. রায়হানুল ইসলাম নামে এক ব্যক্তি।


আবেদনে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর মৌজার আরএস ৯৭৭ নম্বর দাগে মো. বরকত আলী, পিতা মো. আব্দুর রউফ মণ্ডল, ঠিকানা—সাধুর মোড়, হাজী বাড়ি, জোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী, একটি বহুতল ভবন নির্মাণ করেছেন।


আবেদনকারীর অভিযোগ, টিকাপাড়া থেকে সাধুর মোড় যাওয়ার সড়কের পাশে অবস্থিত পুকুরের জমি দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।


রায়হানুল ইসলামের দাবি, পর্যাপ্ত সড়ক সুবিধা না থাকা সত্ত্বেও ছয়তলা ভবন নির্মাণ করায় পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। লিখিত আবেদনে তিনি আরও উল্লেখ করেন, অভিযোগ করা ভবনটির পাশেই তাঁর নিজের ভবন রয়েছে। পুকুরের জমি দখল, নির্মাণবিধি লঙ্ঘন এবং পরিবেশগত প্রভাবের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।


সরেজমিনে গিয়ে জানা যায়, ভবনমালিক মো. বরকত আলী একজন প্রবাসী। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মায়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে ভবনমালিকের বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয়দের দাবি, নির্মিত ভবনটির জমির অর্ধেকেরও বেশি অংশ পুকুর ভরাট করে তৈরি করা হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ড্রেনসহ ভবনটিতে প্রবেশের সড়কটির প্রস্থ প্রায় ৮ ফুট, যা বহুতল ভবনের জন্য অপর্যাপ্ত। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আরডিএর বিধিমালায় বহুতল ভবনের জন্য ১৫ ফুট প্রশস্ত সড়কের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য বিধিমালা ও অনুমোদিত নকশার বিষয়টি কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া যাবে।


এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার আব্দুল্লাল আল তারেক বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। ভবন নির্মাণে কোনো অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমকে/বিএম২৪