পূজায় অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
অমুসলিমদের ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক মনে করে সমর্থন করলে তার ঈমান থাকবে না বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক।
সম্প্রতি জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।
বয়ানে মুফতী আব্দুল মালেক বলেন, ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ তথা এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং একমাত্র তাঁরই ইবাদত করা। আল্লাহ তাআলা চাইলে তাওহীদে বিশ্বাসীদের অন্যান্য গুনাহ ক্ষমা করতে পারেন। তবে শিরককে তিনি ক্ষমা করবেন না। মানুষকে শিরক থেকে বিরত রেখে তাওহীদের পথে পরিচালিত করতে যুগে যুগে নবী-রাসুলদের পাঠানো হয়েছে।
অমুসলিমদের নাগরিক ও ধর্মীয় অধিকারের প্রসঙ্গে খতিব বলেন, দেশে অন্যান্য ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। তারা যেন নিরাপদে পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে ব্যবস্থা করা রাষ্ট্রের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তবে আকিদাগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, উদারতা বা নমনীয়তার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক পথ হিসেবে স্বীকৃতি বা সমর্থন দিলে তার ঈমান থাকবে না। তাঁর মতে, অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় বিশ্বাসের দিক থেকে শিরককে সমর্থন করা এক বিষয় নয়।
বয়ানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর তায়েফের ঘটনার উদাহরণ তুলে ধরেন মুফতী আব্দুল মালেক। তিনি বলেন, তায়েফে নির্যাতনের শিকার হওয়ার পরও মহানবী (সা.) নির্যাতনকারীদের ধ্বংস কামনা করেননি। বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান আনার সম্ভাবনার কথা বিবেচনা করেছিলেন।
মুসলমানদের নিজ ধর্মের মৌলিক বিশ্বাস অক্ষুণ্ন রাখার পাশাপাশি সমাজে শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখার আহ্বান জানান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব।
এমকে/বিএম২৪









