পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে গত এক মাস ধরে ধাপে ধাপে শাড়ি জমিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে কোন শাড়ি পরবেন, তা-ও ঠিক করে রেখেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজ সংসদীয় আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রুমিন ফারহানা বলেন, মানুষের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতেই তিনি মণ্ডপে এসেছেন। ঈদের আনন্দের মতো দুর্গাপূজার আনন্দও সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ঐতিহ্য রয়েছে।
তিনি বলেন, “গত এক মাস ধরে আমি একটা একটা করে শাড়ি জমিয়েছি—এটা সপ্তমীতে পরব, এটা অষ্টমীতে পরব, এটা নবমীতে পরব, এটা দশমীতে পরব। সুতরাং এই আনন্দ কিন্তু কম না।”
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ঈদের সময় দায়িত্ব বেশি থাকে, আর পূজায় ঘোরাঘুরি ও আনন্দ করার সুযোগ বেশি হয়। তাই দুর্গাপূজা তাঁদের প্রাণের উৎসব।
উৎসবের আনন্দ ও সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, পূজার আনন্দ যেন আরও উজ্জ্বল হয় এবং উৎসবের রঙে কোনো ধরনের কষ্টের ছাপ না পড়ে, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
এ সময় উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, তাঁকে যে আশীর্বাদ দেওয়া হয়েছে, ভবিষ্যতেও যেন মানুষের পাশে থাকতে পারেন এবং নির্বাচিত হতে পারেন, সে জন্য সবাই যেন দোয়া করেন। তিনি সবার আশীর্বাদ কামনা করেন।
এমকে/বিএম২৪








