দাগনভূঞায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১
সংগৃহীত
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানের টের পেয়ে পালিয়ে যান আরও এক ব্যক্তি।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনী কার্যালয়ের একটি অভিযানিক দল দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গনিপুর গ্রামের গনু হাজীর বাড়িতে পলাতক আসামি মো. নয়নের বসতঘরে অভিযান চালায়।
এ সময় গ্রেপ্তার হন গনিপুর গ্রামের হাজী মেন্দি বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে হারুন অর রশিদ (৩৪) এবং একই গ্রামের মহাজন বাড়ির শফিকুর রহমানের ছেলে মো. শওকত হোসেন (৩৫)। অন্যদিকে, বসতঘরের মালিক মৃত নূর মোহাম্মদের ছেলে মো. নয়ন (২৮) পালিয়ে যান।
ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির পরিদর্শক জীবন বড়ুয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমকে/বিএম২৪








