মাত্র ১২ মাস ৫ দিনে কোরআনের হাফেজ ৯ বছরের তাহমিদুল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
মাত্র ১২ মাস ৫ দিনে কোরআনের হাফেজ ৯ বছরের তাহমিদুল

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১২ মাস ৫ দিনে পবিত্র কোরআন শরিফ সম্পূর্ণ মুখস্থ করে হিফজ সম্পন্ন করেছে ৯ বছর বয়সী শিশু তাহমিদুল ইসলাম। অল্প বয়সে তার এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।


তাহমিদুল ইসলাম মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর (কালিতল) গ্রামের গুরা মিয়া বাড়ির বাসিন্দা। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে। বর্তমানে সে মিরসরাইয়ের বারইয়ারহাটে অবস্থিত মাদরাসাতুল মাদীনাহর হিফজ বিভাগের শিক্ষার্থী।


মাদরাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাহমিদুল ৯ বছর ৭ মাস ১৮ দিন বয়সে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে। হিফজ শুরু করার পর নিয়মিত অধ্যবসায়, মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাত্র ১২ মাস ৫ দিনে পুরো কোরআন মুখস্থ করার কৃতিত্ব অর্জন করে সে।


মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম বলেন, তাহমিদুলের এই অর্জন মাদরাসার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এত অল্প বয়সে কোরআন হিফজ সম্পন্ন করা তার মেধা, একাগ্রতা ও অধ্যবসায়ের বহিঃপ্রকাশ।


তিনি বলেন, তাহমিদুলের এই সাফল্যের পেছনে তার উস্তাদদের নিরলস পরিশ্রম, নিয়মিত তত্ত্বাবধান ও নিবিড় পরিচর্যার পাশাপাশি বাবা-মায়ের ত্যাগ, সহযোগিতা ও দোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


মাদরাসা পরিচালক আরও বলেন, হিফজের মতো দীর্ঘমেয়াদি ও কঠিন শিক্ষায় একজন শিক্ষার্থীর নিয়মিত অনুশীলন, ধৈর্য এবং শিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহমিদুল নিষ্ঠার সঙ্গে সেই পথ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।


তাহমিদুলের এই অর্জনে তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। মাদরাসার পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। একই সঙ্গে তার ভবিষ্যৎ জীবন যেন কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে সুন্দরভাবে গড়ে ওঠে, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।