মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম
মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

সূত্রঃ বিডি মেইল

সুনামগঞ্জ (মধ্যনগর) প্রতিনিধি


সুনামগঞ্জের মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. আসরাফ উদ্দিন হিল্লোলকে সভাপতি এবং মো. বিদ্যা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় মধ্যনগর বাজারে মো. আসরাফ উদ্দিন হিল্লোলের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক মো. আসরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী আতিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।


সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি ও দুর্নীতি বন্ধের দাবি জানান। একই সঙ্গে ঠিকাদারি সিন্ডিকেট প্রতিরোধ, হাওরভিত্তিক পর্যটনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং প্রকৃত কৃষকদের প্রণোদনা নিশ্চিত করার আহ্বান জানান তারা।


বক্তারা বলেন, হাওরাঞ্চলের দুর্গম এলাকার স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নদ-নদী ও খাল-বিল দখলমুক্ত করা এবং প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করাও জরুরি।


জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, মধ্যনগরকেন্দ্রিক হাওর উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে হবে।


নতুন কমিটিতে সহসভাপতি করা হয়েছে মো. মনিরুল ইসলাম, মুসাব্বির আহমদ, হাজী মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান সুমন, আতিউর রহমান চৌধুরী আতিক ও খসরুজ্জামান কবিরকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুজিত কানু। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কাইয়ূম বাদশা ও জিহাদ মিয়াকে।


এ ছাড়া অর্থ সম্পাদক মোশাহিদ মিয়া, বাঁধ বিষয়ক সম্পাদক শাহীন আলম ও সুরুজ মিয়া, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম এবং হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক মো. সুজন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী সদস্য করা হয়েছে লুৎফুর রহমানসহ অন্যদের।


সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, সচেতন নাগরিক ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।