বাগেরহাটে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষ, নিহত ৩
সূত্রঃ সংগৃহীত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের কালিকাবাড়ি এলাকার সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের ছেলে সোহেব (১৭), নজরুল খানের ছেলে আমিন (২৩) এবং কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ডগামী দ্রুতগতির একটি ডাববোঝাই নসিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আরও দুটি মোটরসাইকেল এসে দুর্ঘটনাকবলিত যানবাহনে ধাক্কা দেয়। এতে তিনটি মোটরসাইকেল ও নসিমনটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত খান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের রিয়াজুল ইসলামকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া আহত পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তাঁর স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।









