প্রাথমিকের শিক্ষার্থীদের ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়ার পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের অনিয়ম ও দুর্নীতি কমাতে কুপন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সা মূল্যের কুপন দেওয়া হবে। সেই কুপন দিয়ে স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারবে শিক্ষার্থীরা।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে সক্ষমতা অনুযায়ী খাদ্য ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত দোকান বা ব্যবসায়ীর কাছে পছন্দ অনুযায়ী খাবার না পেলে সেখান থেকে খাবার কিনবে না। সে ক্ষেত্রে কুপনের অর্থ শিক্ষার্থীর কাছেই থাকবে।
তিনি আরও জানান, কুপনভিত্তিক মিড-ডে মিলের পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে আরও আলোচনা ও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যের বই নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাঁচটি স্তরে বইয়ের মান যাচাই করা হচ্ছে। কাগজসহ বইয়ের মান খারাপ পাওয়া গেলে তা বাতিল করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ বই বাতিল করে বিনষ্ট করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, এরপরও অনেকে নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করছে। তবে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পরও মান খারাপ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।









