২০ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৩ এএম
২০ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, তালিকা প্রকাশ

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের লেনদেন না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।


কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইনে ২২টি প্রতিষ্ঠান শনাক্ত করেছে, যারা লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর সেবা দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে অংশগ্রহণ ও লেনদেন থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা প্রতিষ্ঠানগুলো হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto ও PipraPay।


এর আগে ‘crossmarket.ai’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদনহীন বিনিয়োগ গ্রহণের বিষয়েও সতর্ক করেছিল বাংলাদেশ ব্যাংক। অনুমোদনহীন এ ধরনের প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ বা লেনদেনকে আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া বিভিন্ন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপের মাধ্যমে পরিচালিত অনুমোদনহীন ঋণ কার্যক্রম থেকেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ঋণ আদায়ের নামে চাপ সৃষ্টি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ অনুযায়ী, অপরিচিত অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়া, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব বা ফোনের সংবেদনশীল তথ্য দেওয়া এবং ঋণের নামে অগ্রিম অর্থ বা প্রসেসিং ফি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।