প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট: মীর শাহে আলম
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এ তথ্য জানান। বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজস্ব চাহিদায় ব্যবহার করা হয়েছে। একই সময়ে ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সমবায় ভবনসহ সব জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে ব্যবসা হিসেবেও দেখার কথা বলেন তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
দুর্গাপূজাকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং নেট মিটারিং ব্যবস্থা নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও বলেন তিনি।








