বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে রিসোর্ট মালিকের বিরুদ্ধে মামলা
সংগৃহীত
মো. ওমর ফারুক হৃদয়, বান্দরবান সদর প্রতিনিধি
বান্দরবান শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে এক মারমা তরুণীকে টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত শৈক্য চিং মার্মা নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ভুক্তভোগীর ভাষ্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট শুক্রবার টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে সাইনি রিসোর্টে নিয়ে যান শৈক্য চিং মার্মা। পরে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশু পার্কের লোকজন ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানানো হলে তাঁরা ঘটনাস্থলে যান। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের বাসা জমজম গলির সামনে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য ভিন্ন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী জানান, রিসোর্টকে ঘিরে এমন অভিযোগ এলাকার সুনাম ক্ষুণ্ন করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রিসোর্টটির কার্যক্রম যথাযথভাবে তদারক করার আহ্বান জানান তাঁরা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তাঁকে তাঁর বাসা থেকে থানায় নিয়ে এসেছে। তাঁকে আদালতে পাঠানো হবে।
ওসি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। অপরাধে জড়িত যে-ই হোক, তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এমকে/বিএম২৪









