বরগুনার বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
বরগুনার বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ছবি: সংগৃহীত

মো. মমিন আকন, তালতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার তালতলী উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বাজারের অপরিচ্ছন্ন পরিবেশ এবং জনসাধারণের ব্যবহারের জন্য থাকা টয়লেট ও প্রস্রাবখানার স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না হওয়ায় ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাজারটি পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


বগীর বাজারে প্রতিদিন অসংখ্য মানুষ কেনাকাটা ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ বাজারে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ও প্রস্রাবখানার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কিন্তু ময়লা-আবর্জনা ও দুর্গন্ধের কারণে বাজারে আসা মানুষকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।


এ ছাড়া সরকারের বরাদ্দ দেওয়া বিভিন্ন স্টল ও স্থাপনা জনসাধারণের সুবিধার্থে ব্যবহারের কথা থাকলেও সেগুলোর কিছু বাসাবাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।


এলাকাবাসীর দাবি, বগীর বাজারে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ, টয়লেট ও প্রস্রাবখানা নিয়মিত পরিষ্কার রাখা এবং সরকারি স্টল ও স্থাপনাগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


তাঁদের মতে, জনগণের অর্থে পরিচালিত সরকারি সম্পদ সাধারণ মানুষের সুবিধার্থে যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ জন্য তালতলী উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।


এখন এলাকাবাসীর প্রত্যাশা, বগীর বাজারকে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


এমকে/বিএম২৪