চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাসহ তিনজনের ওপর গরম পানি নিক্ষেপ, মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জে আটক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাসহ তিনজনের ওপর গরম পানি নিক্ষেপ, মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জে আটক

ছবি: বিডি মেইল

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে মসজিদসংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতাসহ তিনজনের ওপর ফুটন্ত গরম পানি নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। তাঁকে চুয়াডাঙ্গায় ফিরিয়ে আনতে জেলা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে চুয়াডাঙ্গা সদর থানার অধীন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আটক আসামিকে চুয়াডাঙ্গায় ফিরিয়ে আনতে রওনা হন।


পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ৪ অক্টোবর শংকরচন্দ্র ইউনিয়নে স্থানীয় একটি মসজিদসংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতাসহ তিনজনকে লক্ষ্য করে ফুটন্ত গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তাঁরা গুরুতর দগ্ধ হন।


ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহায়তায় মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করে।


তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গায় পৌঁছানোর পর আটক আসামিকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


এমকে/বিএম২৪