কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিদর্শনে উপপরিচালক আহমেদ হোসেন ভূইয়া
ছবি: বিডি মেইল
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে। চলমান এ কার্যক্রম পরিদর্শন করেছেন গাজীপুর জেলার উপপরিচালক আহমেদ হোসেন ভূইয়া। এ সময় তিনি নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কার্যক্রমে অংশ নেন। এ উপলক্ষে চুয়ারিয়াখোলা মিশন এলাকা থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি দক্ষিণ চুয়ারিয়াখোলা বাজারে গিয়ে শেষ হয়। পরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপপরিচালক আহমেদ হোসেন ভূইয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নিয়মিত নজর দিতে হবে।
তিনি আরও বলেন, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা মিশন এলাকায় এ অভিযান শুরু হয়। বর্তমানে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আখন্দ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. নাজমুল হাই মামুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম, ইউপি সদস্য সাগর রোজারিও, আলী হোসেন, সাদিকুর রহমান, ফালান মন্ডল, মজিবুর রহমান ও বদরুজ্জামান সরকার মোমেন উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী সদস্য সুপ্রিয়া সিঃ গমেজ ও হাসিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাসিন্দা এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
এমকে/বিএম২৪









