ফুলবাড়ি বেইলি ব্রিজে ৩ কেজি গাঁজাসহ আটক ১
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ি বেইলি ব্রিজ এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ রিয়াজ শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে ষাটগুম্বুজ ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রিয়াজ শেখ মোংলা উপজেলার দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. খায়রুল শেখের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গাঁজার একটি চালান ফুলবাড়ি বেইলি ব্রিজ হয়ে মোংলায় নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় যানবাহনে তল্লাশি চালাতে একটি চেকপোস্ট বসানো হয়।
পরে একটি ইজিবাইকে থাকা লাগেজ পুলিশের সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। লাগেজের ভেতর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হলে রিয়াজ শেখকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল।
এমকে/বিএম২৪









