ফরিদপুরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড
সংগৃহীত
মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের মধ্যে দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনকে অর্থদণ্ডের পাশাপাশি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় আবুল হোসেন (৩৬) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ওমর ফারুক নামের অপর একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া আটক অপর দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন। অভিযানে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









