নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭
সংগৃহীত
মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন ২০২৭ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাবর্তনের নতুন তারিখ আগামী ২১ জানুয়ারি ২০২৭ ঘোষণা করেন উপাচার্য।
সোমবার (২৩ নভেম্বর) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মতবিনিময় সভায় উপাচার্য জানান, সমাবর্তনের পূর্বনির্ধারিত তারিখ ছিল ২৪ জানুয়ারি। তবে সরকার ঘোষিত শবেবরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী ২১ জানুয়ারি ২০২৭ তারিখে সমাবর্তন আয়োজনের নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, সবার সহযোগিতায় নির্ধারিত সময়ে সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে সমাবর্তন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশা করেন। এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে। ইতিমধ্যে মৃত্যুবরণ করা সাবেক শিক্ষার্থীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য আরও বলেন, কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ ও দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে মোট আটটি ইউনিট হিসেবে বিবেচনা করা হবে। এসব ইউনিটের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হবে। এর মাধ্যমে মেধা ও একাডেমিক উৎকর্ষের যথাযথ মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবির এ আয়োজনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরতেও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য জানান, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









