আগামীকাল নরসিংদী সফরে আসছেন ঢাকা বিভাগীয় কমিশনার
সংগৃহীত
শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) নরসিংদী জেলা সফরে আসছেন। সফরকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর, আদালত, উপজেলা ভূমি অফিস, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করবেন। পাশাপাশি শিবপুর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখবেন।
বিভাগীয় কমিশনারের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নরসিংদী সার্কিট হাউসে উপস্থিত হবেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করবেন। পরে সকাল ১০টা ৩০ মিনিটে কার্যালয়ের রেকর্ডরুম শাখা এবং বেলা ১১টা ১৫ মিনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত পরিদর্শন করবেন।
দুপুর ১২টায় তিনি শিবপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে পৌঁছে দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং বেলা ১টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করবেন। এরপর বেলা ২টায় শিবপুর পৌরসভা কার্যালয়, আড়াইটায় মাছিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পৌনে ৩টায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করবেন। বিকেল ৩টা ১৫ মিনিটে শিবপুর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখবেন।
পরে বিকেল সাড়ে ৩টায় তিনি নরসিংদী সদর উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টায় সদর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, বাইসাইকেল ও গাছের চারা বিতরণ করবেন। কর্মসূচি শেষে বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রিদওয়ান আহমেদ রাফি স্বাক্ষরিত ২২ নভেম্বরের সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। সফরটি সরকারি সফর হিসেবে নির্ধারিত হয়েছে। এ সময় বিভাগীয় কমিশনারের একান্ত সচিব তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
এমকে/বিএম২৪









