পেঁয়াজের জমিতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, ফরিদপুরে বাবা-ছেলের ওপর হামলার অভিযোগ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম
পেঁয়াজের জমিতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, ফরিদপুরে বাবা-ছেলের ওপর হামলার অভিযোগ

ছবি: বিডি মেইল

মো. মাহাবুব মিয়া, ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের আকইন গ্রামে পেঁয়াজের জমিতে ক্রিকেট খেলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় মাহাবুব নামে এক ব্যক্তি ও তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাথী বেগম আহত হয়েছেন। মাহাবুব বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।


পরিবারের অভিযোগ, গত ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে জমির ফসল নষ্ট করা নিয়ে প্রতিবাদ করায় প্রতিবেশী ফরহাদ শিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের বিরোধ হয়। একপর্যায়ে ক্রিকেটের স্টাম্প, ব্যাট, লোহার রড ও জিআই পাইপ নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে মাহাবুবকে মারধর করা হয়।


অভিযোগ অনুযায়ী, হামলায় মাহাবুবের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সাথী বেগমকেও মারধর করা হয়। এ সময় তাঁর পেটে লাথি মারা এবং শ্লীলতাহানির অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।


মাহাবুবের বাবা ছিদ্দিক মন্ডলের আরও অভিযোগ, হামলার সময় তাঁর ছেলের গলায় থাকা প্রায় এক লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যান অভিযুক্তদের একজন।


পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরিবারের দাবি, মাহাবুবের পেটে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করা হয়েছে এবং তাঁর জন্য সাত ব্যাগ রক্ত সংগ্রহের প্রয়োজন হয়েছে। তাঁর স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় ছিদ্দিক মন্ডল ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।