ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় পূজার বাজার, হাসি ফুটল দুই শতাধিক পরিবারের মুখে

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় পূজার বাজার, হাসি ফুটল দুই শতাধিক পরিবারের মুখে

ছবি: বিডি মেইল

ঠাকুরগাঁও প্রতিনিধি


দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ঠাকুরগাঁওয়ে মাত্র ৫ টাকায় পাঁচ ধরনের পণ্য বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। এতে উপকৃত হয়েছেন দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের হিন্দু পরিবার।


বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির দেওয়া টোকেনের বিপরীতে প্রতিটি পরিবার পাঁচ টাকা দিয়ে সংগ্রহ করে পোলাওয়ের চাল, চিনি, ভোজ্যতেল, নারকেল ও একটি মুরগি।


উপহারসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তাঁদের একজন রমেশ বলেন, মাত্র পাঁচ টাকায় এতগুলো প্রয়োজনীয় পণ্য পাবেন, তা ভাবেননি। এসব সামগ্রী দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পূজার আয়োজন করতে পারবেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মো. কাজল রহমান, সাধারণ সম্পাদক মো. সাগর, সায়মুনসহ অন্য সদস্য ও অতিথিরা।


মো. কাজল রহমান বলেন, আর্থিক সংকটের কারণে অনেক পরিবার উৎসবের কেনাকাটা করতে পারে না। তাদের পাশে দাঁড়ানো এবং সবার মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।


সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাগর জানান, পাঁচ টাকার বিনিময়ে পাঁচ ধরনের পণ্য বিতরণ তাঁদের নিয়মিত কর্মসূচির অংশ।