উঠানে খেলছিল দুই বছরের শ্রদ্ধা, কিছুক্ষণ পর নিথর দেহ মিলল পুকুরে

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম
উঠানে খেলছিল দুই বছরের শ্রদ্ধা, কিছুক্ষণ পর নিথর দেহ মিলল পুকুরে

ফাইল ছবি

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি


বাড়ির উঠানে খেলছিল দুই বছরের শিশু শ্রদ্ধা রাহা। পরিবারের সদস্যরা ছিলেন নিজেদের কাজে ব্যস্ত। এরই মধ্যে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। বুধবার (২১ অক্টোবর) সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


শ্রদ্ধা ওই গ্রামের সমেষ রাহার মেয়ে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শ্রদ্ধা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।


পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধা রাহার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।