চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ জামায়াতের
ছবি: বিডি মেইল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৬ সালে জেলার চার উপজেলায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে ৬৪২টি আবেদন জমা পড়েছে। তবে নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তার এবং যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।
দলটির পক্ষ থেকে আবেদনকারীদের যোগ্যতা, ব্যবসাপ্রতিষ্ঠান, গুদাম ও আর্থিক সক্ষমতা যাচাইয়ের তথ্য প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি নিয়োগের মানদণ্ড ও ফলাফল প্রকাশ, আবেদনকারীদের অভিযোগ জানানোর সুযোগ এবং অর্থ লেনদেনসহ অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানানো হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় দলটি।
সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। দলটির মতে, সার ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত প্রভাবের পরিবর্তে যোগ্যতা, সততা ও কৃষকসেবার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ দলটির নেতাকর্মীরা।
তবে নিয়োগপ্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।









