পাবনার বড়াল নদীতে উৎসব-আনন্দে দুর্গাপ্রতিমা বিসর্জন
ছবি: বিডি মেইল
মো. আরিফুল ইসলাম, পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে বড়াল নদীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
প্রতিমা বিসর্জন উপলক্ষে বড়াল নদীতে শত শত ছোট-বড় নৌকায় ভিড় করেন নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ। ঢাকের বাদ্য, নাচ-গান ও আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে নদীর পরিবেশ। নদীর দুই তীরে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।
এ সময় ভক্তরা অশ্রুসজল চোখে দেবী দুর্গাকে বিদায় জানান। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জনের আয়োজনটি সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ তৈরি করে।









