নজরুল বর্ষ উপলক্ষে কুতুবদিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম
নজরুল বর্ষ উপলক্ষে কুতুবদিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সূত্রঃ সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা রয়েছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, কবি নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান এবং জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি আরও গভীর করার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত  শিক্ষক-শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।



এমকে/বিএম২৪