পলিথিনের ছাউনি সরিয়ে এবার নতুন ঘরে কফিল-আসমত

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
পলিথিনের ছাউনি সরিয়ে এবার নতুন ঘরে কফিল-আসমত

সূত্রঃ সংগৃহীত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


বৃষ্টির পানি ঠেকাতে পলিথিন, আর রোদের তাপ থেকে বাঁচতেও সেই পলিথিনই ছিল ভরসা। মাথার ওপর ছিল না নিরাপদ কোনো ছাদ। অভাব আর অনিশ্চয়তার মধ্যে এভাবেই দিন কাটছিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামের বৃদ্ধ কফিল প্রামাণিক (৭০) ও তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আসমত প্রামাণিকের (৫২)।


তবে এবার বদলে গেছে সেই চিত্র। পলিথিনের নিচের কষ্টের জীবন পেরিয়ে বাবা-ছেলের ঠিকানা হয়েছে নতুন একটি ঘরে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নবনির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেন সংসদ সদস্য আব্দুল আজিজ।


জানা গেছে, গত ৩০ ও ৩১ আগস্ট কফিল প্রামাণিক ও তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আসমতের মানবেতর জীবনযাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে তাদের জন্য স্থায়ী আশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়।


পরে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় এক লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন ঘর। দীর্ঘদিন পর নিরাপদ আশ্রয় পেয়ে স্বস্তি ফিরেছে অসহায় বাবা-ছেলের জীবনে।


ঘর হস্তান্তরের সময় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজ তাদের পানির সংকটের কথা শোনেন। এ সমস্যা সমাধানে তিনি একটি বিদ্যুৎচালিত পানির পাম্প দেওয়ার প্রতিশ্রুতিও দেন।


পলিথিনের নিচে অনিশ্চিত রাত কাটানো কফিল ও আসমতের কাছে নতুন ঘরটি শুধু একটি স্থাপনা নয়, দীর্ঘ অপেক্ষার পর পাওয়া নিরাপদ আশ্রয়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের উদ্যোগে অসহায় এই বাবা-ছেলের জীবনে এসেছে এই পরিবর্তন


এমকে/বিএম২৪