নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি হান্নানের

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
নাসিরনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি হান্নানের

ছবি: বিডি মেইল

খ জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি সুন্দর ও সুশৃঙ্খল উপজেলা গড়ে তোলার আহ্বান জানান।


রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দির, ফান্দাউক গৌর শংকর জিউ মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।


পরিদর্শন শেষে এম এ হান্নান বলেন, নাসিরনগর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উপজেলা। এখানকার মানুষ একে অপরের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে বসবাস করেন। সব ধর্মের মানুষ একসঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব পালন করেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রীর আহ্বান বাস্তবায়ন এবং একটি সুন্দর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


এমপি এম এ হান্নান আরও বলেন, “আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মীয় পরিচয় কখনো বিভেদ সৃষ্টি করবে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব।”


এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন মনিটরিং সেলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আযম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ হান্নান সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


এমকে/বিএম২৪