নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ
ছবি: সংগৃহীত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন শতাধিক উপহারসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং ধর্মীয় সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক বাদল দেব, বিভিন্ন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।









