তিস্তা-দুধকুমার অববাহিকায় ৭২ ঘণ্টার বন্যা শঙ্কা, ঝুঁকিতে ৫ জেলা
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি
আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের আরও কয়েকটি নদী অববাহিকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সতর্কবার্তা অনুযায়ী, আগামী তিন দিনে তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকার লালমনিরহাট ও কুড়িগ্রাম, এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চল আগামী ৭২ ঘণ্টায় নদ-নদীর পানি সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর কারণে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নদ-নদীর পানির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।








