মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কাও হু মুইয়ের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৈঠকে জ্বালানি মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশ আগ্রহী। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং এলএনজি সরবরাহের সম্ভাবনাও আলোচনায় তুলে ধরেন। এ প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেয় বাংলাদেশ।
আলোচনায় চট্টগ্রাম পর্যন্ত মিয়ানমার থেকে গ্যাস পাইপলাইন স্থাপনের পুরোনো প্রস্তাব নতুন করে বিবেচনায় আনার বিষয়টিও উঠে আসে। এ উদ্যোগ বাস্তবায়নে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে বৈঠকের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। পাশাপাশি তিনি মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রয়োজন হলে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীন–মিয়ানমার–বাংলাদেশ করিডোর গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই করিডোরের অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থাপন হলে তা আঞ্চলিক সংযোগ ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, ‘প্রতিবেশী প্রথম’ নীতির আলোকে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী।
মিয়ানমারের রাষ্ট্রদূত কাও হু মুই বলেন, এ বিষয়ে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা যেতে পারে।
সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।








