বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে, আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সূত্রঃ ছবি: সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান হয়েছে। আমিরাত কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কাছে সরবরাহ করা হয়েছে।
তিনি জানান, পুরো প্রক্রিয়া এগিয়ে চলছে এবং সরকার আশা করছে, খুব শিগগিরই অভিযুক্ত বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।








