অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হবে: মাহদী আমিন

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০২:৫৬ এএম
অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার হবে: মাহদী আমিন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্নের বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


রোববার (২ আগস্ট) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।


মাহদী আমিন বলেন, “আপনাদের আবেগ ও দাবির প্রতি আমি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে।”


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে। সেই লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আহতদের পুনর্বাসনের বিষয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। সরকার আহত ব্যক্তি ও শহীদ পরিবারের পাশে দীর্ঘমেয়াদে সহযোগিতা অব্যাহত রাখবে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছেন। তবে দীর্ঘ ১৬ বছরের শাসনব্যবস্থার প্রভাব অল্প সময়ে পুরোপুরি দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছেন এবং হাজারো মানুষ গুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। গণতান্ত্রিক ও বাংলাদেশকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সব গণতন্ত্রপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


এদিকে অনুষ্ঠানে বক্তব্য দিতে উঠলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।