ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

সূত্রঃ সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিট।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।


এ সময় গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথম দিনের কর্মসূচিতে প্রায় ২০ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নেন।


উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিলেই হবে না। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, অফিস-আদালতসহ আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে নিয়মিত সতর্ক থাকতে হবে।


তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এলে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে। পরিচ্ছন্নতাকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত অভ্যাসে পরিণত করার আহ্বান জানান তিনি।


রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু বলেন, দুর্যোগ ও জনস্বাস্থ্যঝুঁকিতে মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের অন্যতম দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধেও যুব স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করছেন। পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল শনাক্তকরণ এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন, সিটি করপোরেশন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারকে ধন্যবাদ জানান তিনি।


কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করা হয় এবং স্থানীয়দের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়।


এদিকে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে জেলা প্রশাসক একজন অসহায় প্রতিবন্ধী নারীর খোঁজখবর নেন। তার জীবিকা নির্বাহের বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।


পাশাপাশি ছোট ব্যবসার মাধ্যমে তাকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়। ব্যবসার অগ্রগতি ও নিয়মিত আয় হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ রাখার কথা জানান জেলা প্রশাসক।


আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ কার্যক্রম পর্যায়ক্রমে গাজীপুরের বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে।


এমকে/বিএম২৪