ডামুড্যা হাসপাতাল কম্পাউন্ড নিজ হাতে পরিষ্কার করলেন হুইপ অপু

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
ডামুড্যা হাসপাতাল কম্পাউন্ড নিজ হাতে পরিষ্কার করলেন হুইপ অপু

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নিজ হাতে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার করেছেন।


বৃহস্পতিবার সকালে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি ঝাড়ু হাতে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।


হাসপাতালে উপস্থিত রোগী ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পর হুইপ অপু পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। হাসপাতালের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় তিনি নিজ হাতে পরিষ্কার করা শুরু করলে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা ও নেতাকর্মীরাও এতে যোগ দেন।


পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “হাসপাতাল হচ্ছে সেবার জায়গা। এখানে এসে রোগীরা যেন একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ পান, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর ভরসা না করে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ আশপাশ পরিষ্কার রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।”


এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।


হুইপের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও রোগীরা।


অভিযানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪