যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়তে চান। মূল দলে খেলার সুযোগ পাওয়ার পথ নিয়ে হতাশা থেকেই ১৫ বছর বয়সী এই ফুটবলার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।


ইউনাইটেডে গ্যাব্রিয়েলের নিবন্ধন বাতিলের আবেদন করা হয়েছে বলেও খবর রয়েছে। সেটি কার্যকর হলে ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়তে পারবেন তিনি। গত মৌসুমে ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রিমিয়ার লিগের অনূর্ধ্ব-১৮ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গ্যাব্রিয়েল।


ইউরোপের অন্যতম সম্ভাবনাময় তরুণ প্রতিভা হিসেবে বিবেচিত হচ্ছেন এই ইংলিশ ফুটবলার। তাকে দলে নিতে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদও তার সঙ্গে চুক্তির বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।


দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেডের মূল দলে সুযোগ পাওয়ার পথ নিয়ে গ্যাব্রিয়েল হতাশ। এ ক্ষেত্রে তার কাছে উদাহরণ হয়ে উঠেছেন আর্সেনালের তরুণ ফুটবলার ম্যাক্স ডাওম্যান। তরুণ প্রতিভাকে কীভাবে দ্রুত মূল দলে জায়গা করে দেওয়া যায়, ডাওম্যানের উত্থানে সেটিই দেখছেন গ্যাব্রিয়েল।


আর্সেনালের হয়ে এরই মধ্যে ১৪টি সিনিয়র ম্যাচ খেলেছেন ডাওম্যান। চলতি সপ্তাহে লিগ কাপে ইপসউইচ টাউনের বিপক্ষে জোড়া গোলও করেছেন তিনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার পাশাপাশি সবচেয়ে কম বয়সে লিগ শিরোপা জয়ের রেকর্ডও গড়েছেন ডাওম্যান।


ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগের ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা না পাওয়ার পর গ্যাব্রিয়েলের অসন্তোষ আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী বছর নকআউট পর্ব শুরুর আগে এই স্কোয়াডে পরিবর্তনের সুযোগ নেই। ফলে মূল দলে নিজের সুযোগ নিয়ে গ্যাব্রিয়েলের হতাশা আরও বাড়ছে বলে জানা গেছে।


এমকে/বিএম২৪