গাজীপুরে পোল্ট্রি উৎপাদন ব্যয় কমাতে সরকারি উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
গাজীপুরে পোল্ট্রি উৎপাদন ব্যয় কমাতে সরকারি উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সূত্রঃ সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি:


পোল্ট্রি শিল্পে উৎপাদন ব্যয় কমিয়ে খামারি ও ভোক্তা—উভয়ের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


তিনি বলেন, পোল্ট্রি খাতের অন্যতম বড় ব্যয় ফিডসহ উৎপাদন উপকরণ। এসব উপকরণের খরচ কমানো সম্ভব হলে উৎপাদন ব্যয় কমবে এবং এর সুফল খামারি ও সাধারণ ভোক্তা উভয়েই পাবেন।

বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের রাজবাড়ী এলাকায় পিটিআই ভবনে প্রাণিসম্পদ আইন-২০১০ মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে পোল্ট্রি শিল্পের উদ্যোক্তা, খামারি ও এগ্রো ফার্মের প্রতিনিধিরা অংশ নেন। তারা পোল্ট্রি শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং খামারিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।


খামারি ও উদ্যোক্তারা জানান, ফিডের বাড়তি দাম, একদিন বয়সী মুরগির বাচ্চার মূল্য এবং অন্যান্য উপকরণের ব্যয় বৃদ্ধির কারণে পোল্ট্রি উৎপাদনে খরচ বেড়েছে। এতে অনেক খামারি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে বাজারে পোল্ট্রি পণ্যের দামেও।


এ সময় তারা ফিড ও অন্যান্য উৎপাদন উপকরণের দাম কমানো, একদিন বয়সী বাচ্চার মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পোল্ট্রি শিল্পের জন্য কার্যকর সরকারি সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।


সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মানুষের কাছে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পোল্ট্রি পণ্য পৌঁছে দিতে হলে উৎপাদন পর্যায়ের ব্যয় কমানো জরুরি। এ লক্ষ্যে ফিডসহ সংশ্লিষ্ট উপকরণের ব্যয় কমানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ আইন-২০১০ মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন করা হলে প্রাণিসম্পদ খাতে শৃঙ্খলা ও মান নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।


মতবিনিময় সভায় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পোল্ট্রি শিল্পের প্রতিনিধি ও খামারিরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪